
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে ৯টি জাহাজ ও একটি ঘাঁটি। রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজ ও ঘাঁটির কমিশনিং করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সুইচ টিপে একযোগে ৯টি জাহাজ ও ১টি ঘাঁটির কমিশনিং করেন তখন চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগাড ঘাঁটির পুরো জেটিতে উড়ছিল রঙিন কাগজ। ছিলো রঙিন ধোঁয়া এবং আগুনের ফুলকিসহ নানা আয়োজন। বাহিনী হিসাবে প্রতিষ্ঠার ২ যুগের মাথায় এসে স্মরণীয় দিন উদযাপন করলো উপকূলরক্ষী কোস্টগার্ড। কোস্টগার্ডকে দেয়া ৯টি জাহাজের মধ্যে পাঁচটিই নির্মাণ করা হয়েছে বাংলাদেশে। নিজস্ব প্রযুক্তি এবং কারিগরি দক্ষতায় তৈরি করা এসব অত্যাধুনিক জাহাজ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। পাশাপাশি দেশের সমুদ্র সম্পদ রক্ষা ও ব্লু ইকোনোমিক জোনের স্বপ্ন বাস্তবায়নে অবদান রেখে এগিয়ে নেবে দেশের অর্থনীতিকে। এরমধ্য দিয়ে দেশের জাহাজ তৈরি শিল্প আবারো একবার জানান দিলো নিজেদের সক্ষমতার।সমুদ্রের নীল জলরাশিতে যেন ভাসমান ৯টি শুভ্র রাজহাঁস। বাতাসে দোলে সদ্য জল সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়া জলযানগুলো। কোনো বাহিনীতে একদিনে এক সঙ্গে ৯টি জাহাজ এবং একটি ঘাঁটির কমিশনিং যেমন নজিরবিহীন, তেমনি ৯টির মধ্যে ৫টি জাহাজই তৈরি হয়েছে বাংলাদেশে এমন ঘটনাও অনন্য।