News71.com
 Bangladesh
 15 Nov 20, 09:26 PM
 199           
 0
 15 Nov 20, 09:26 PM

জামিন নামঞ্জুর॥ দেহরক্ষীসহ কারাগারে এমপিপুত্র ইরফান সেলিম

জামিন নামঞ্জুর॥ দেহরক্ষীসহ কারাগারে এমপিপুত্র ইরফান সেলিম

 

নিউজ ডেস্কঃ অস্ত্র মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে জামিন দেননি আদালত। ফলে এ মামলায় পুনরায় কারাগারে ফেরত যেতে হলো দুই আসামিকে।রোববার (১৫ নভেম্বর) দুপুরে মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।এদিন জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে আনা হয় ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদকে। পরে আসামিপক্ষের জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

গত ১৪ নভেম্বর  ৫ দিনের রিমান্ড শেষে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৮ নভেম্বর অস্ত্র ও মাদক মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ অক্টোবর র‌্যাব পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে র‌্যাব ইরফান সেলিম ও জাহিদকে হেফাজতে নেয়। এসময় অভিযানে  অবৈধ মদ, অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত  ২ আসামিকে ১৮ মাসের কারাদণ্ড দেন। পরে তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া ধানমন্ডি থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা-চেষ্টা অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন