
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে জুয়েলকে হত্যা মামলার আসামি মোয়াজ্জিন আফিজ উদ্দীনকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় মোয়াজ্জিনসহ ডিবি পুলিশ মোট ৩৩ জনকে গ্রেফতার করল। মোয়াজ্জিন আফিজ উদ্দীন বুড়িমারী এলাকার মৃত খইমুদ্দীনের ছেলে।নিহত শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন।উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ধার্মিক ছিলেন জুয়েল। তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে মামলা হস্তান্তর করা হয় ডিবিতে।