
নিউজ ডেস্কঃ ডোপ টেস্টের আওতায় আসবেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সদস্যরাও। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতা সন্দেহ হলেই তার ডোপ টেস্ট করা হবে। সিলেটের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এমন হুশিয়ারি দিয়েছেন। তার এই হুশিয়ারির পর এসএমপি তিন সহস্রাধিক পুলিশ সদস্য নড়েচড়ে বসেছেন। এসএমপি কমিশনারের এমন হুশিয়ারিতে মাদকসংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরইমধ্যে প্রতিটি থানায় সচেতনতামূলক সভা করে পুলিশ কমিশনারের সতর্কবার্তা জানান দিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিলেট নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় এসএমপি কমিশনার এমন হুশিয়ারি দেন। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি মহানগর গোয়েন্দা বিভাগের মামলা তদন্তের গুনগত মান বৃদ্ধি ও সঠিকভাবে অভিযান পরিচালনার জন্য নির্দেশনাও দেন। এছাড়া গোয়েন্দা বিভাগের সকল কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।