
নিউজ ডেস্কঃ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারে এই দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন ইসি । সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে দুই আসনে। আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য হয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে এই আসনে উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ইভিএমের কারিগরি প্রস্তুতির মধ্যে এ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সব নির্বাচনী কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হয়েছে। এ দুই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা বলছেন, নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র ও নির্বাচনী কার্যক্রম থাকবে সেসব স্থাপনা বন্ধ থাকবে। যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন তারা ছুটির আওতায় থাকবেন। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও পিকআপের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।