
নিউজ ডেস্কঃ ঈশ্বরদীর মাঝগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেন ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনাস্থলে থেকেই পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) বরাবর দুর্ঘটনার কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মাঝগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে ঈশ্বরদী অভিমুখে আসার সময় আউটডোরে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আব্দুর রহিমকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সদস্যরা হলেন- পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় রেলওয়ে সংকেত- টেলিযোগাযোগ প্রকৌশলী (ডিএসটি) রুবাইয়াৎ শরীফ প্রান্ত, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ভারপ্রাপ্ত লোকো) মমতাজুল ইসলাম। তদন্ত কমিটির সদস্য পাকশী বিভাগীয় রেলওয়ে সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী (ডিএসটি) রুবাইয়াৎ শরীফ প্রান্ত জানান, দুর্ঘটনায় ইঞ্জিনসহ তিনটি বগি উদ্ধার করার পর কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তার কারণ বের করা সম্ভব হবে। তবে প্রধান রেললাইন সচল করে ট্রেন চলাচলের উপযোগী করতেই ২/৩ ঘণ্টা সময় লাগবে।