
নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পুরাদমে চালু হলে চার থেকে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে, যার ৯৫ শতাংশ হবে স্থানীয়।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গোদাগাড়ী উপজেলার আমানতপুরে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল এ কথা বলেন।এছাড়া, প্রয়োজনীয় সহায়তা পেলে আগামীতে হিমায়িত খাদ্য নুডুলসসহ বিভিন্ন পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে দেশের শীর্ষস্থানীয় এ শিল্প গ্রুপের। মৌসুমভেদে এখন আম, টমেটো, জলপাই, পেয়ারাসহ কয়েকটি পণ্য সংগ্রহ ও পাল্পিং করা হচ্ছে। শিগগিরি তরমুজ, আনারস, অ্যালোভেরার পাল্পিং শুরু হবে। তিনি আরও বলেন, প্রাণ গ্রুপের অন্যতম উদ্দেশ্য কৃষি পণ্যের সম্প্রসারণ ও কৃষকদের আর্থ সামাজিক উন্নয়ন করা। এছাড়া, রাজশাহী অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল কোন ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই তারা যেন স্বল্প পরিবহন খরচে বিক্রি করতে পারেন সেদিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বল্প পরিসরে আম, টমেটো, পেয়ারা ও জলপাই সংগ্রহের পাশাপাশি কমপোস্ট সার উৎপাদন হচ্ছে। এর সুফল পেতে শুরু করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।