
নিউজ ডেস্কঃ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বন সংরক্ষকের ছেলেসহ দুই কিশোর প্রাণ হারিয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই কিশোর হল: আদনান নূর (১৫) ও অংকন (১৪)। এদের মধ্যে আদনান নূর রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে। অংকনের বাবাও বনবিভাগের কর্মচারী বলে জানা গেছে।স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয় দুই বন্ধু। শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদের জলে গোসল করতে নামে আদনান ও অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় এবং হ্রদের পাশে সাইকেল দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ডুবুরিরা এসে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।উদ্ধারে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য নিপন চাকমা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে দুজন ডুবুরির মাধ্যমে তল্লশি শুরু করা হয়। পরে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়া হয়।রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর দুই কিশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাদের হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।