
নিউজ ডেস্কঃ এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ৬৯টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান দশ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অষ্টম দিনে মঙ্গলবার ১৩ হাজার ৬৪০টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ৬৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।এছাড়া ৮ হাজার ৭৩৫টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়ায় সেখানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানিতে মশার কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেয়া হয়। এডিসের লার্ভা পাওয়ায় এবং অন্যান্য অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আজ ১৩টি মামলায় ২ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির সকল ওয়ার্ডে (৫৪টি) একযোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) মোট ৯৬৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৮৫৯টি বাড়ি, স্থাপনায় জমে থাকা পানি পাওয়া যায়।