
নিউজ ডেস্কঃ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।রোববার (৮ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পিলখানার হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে খেয়াল রাখতে বলেন শেখ হাসিনা।২২৫ বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমান্তে চ্যালেঞ্জিং হয়েছে শান্তিশৃঙ্খলা রক্ষা। আধুনিক সরঞ্জামের সমন্বয়ে দুর্গম অঞ্চলেও এখন সদর্পে নজরদারি করছে এই আধাসামরিক বাহিনীটি।সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্বের ফার্স্ট লাইন প্রহরী হিসেবে সম্প্রতি বিজিবিতে যোগ হয়েছে ১২টি আর্মাড পার্সোনেল ক্যারিয়ার-এপিসি, ১০টি রায়োট কন্ট্রোল ভেহিকল, ১২০টি এটিভিসহ অত্যাধুনিক পেট্রোলিং ভেহিকল।