
নিউজ ডেস্কঃ নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় জাল সনদ জমা দেয়ার অভিযোগ ওঠার প্রতিবাদে শোডাইন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে এ শোডাউন করা হয়।কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকে লোহাগড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা সহযোগে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে সমবেত হয়। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মানহানিকর ও ষড়যন্ত্রমূলক আখ্যা দেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ছাড়াও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।সম্প্রতি, নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে উপজেলা নির্বাচনের সময় নির্বাচনী হলফ নামায় জাল সনদ জমা দেয়ার অভিযোগ তোলেন নড়াইল ১ আসনের এমপি কবিরুল হক মুক্তি। তার অভিযোগ, এইচএসসি পাস হয়েও নির্বাচনী হলফনামায় ভুয়া বিএ ও এমএসসি পাসের সার্টিফিকেট দাখিল করেছেন তিনি।নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে উপজেলা পরিষদ আইন অনুযায়ী হলফনামায় অসত্য তথ্য দেয়ার কারণে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করার বিধান রয়েছে।