
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাস করছি, যখন এই সরকার একটা দানবের মতো আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্রের যে সংগ্রাম তাকে ধবংস করে দিচ্ছে। তখন তাকে (সাদেক হোসেন খোকা) আমাদের প্রয়োজন ছিলো দেশনেত্রীকে মুক্ত করবার জন্য, দেশকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন।
খোকার বর্ণাঢ্য জীবনকর্ম তু্লে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি আজীবন এক সংগ্রামী মানুষ। তার এই হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করবে। তার সাহস, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিলো আজকে। আসুন আমরা সবাই আজ শুধু তাকে স্মরণ নয়, তার যে কাজ, তার যে পথ চলা, তার যে সংগ্রাম তাকে সামনে নিয়ে আমরা তার মতো সাহসিকতার সঙ্গে এই গণতন্ত্রকে মুক্ত করবার চেষ্টা করি, দেশনেত্রীকে মুক্ত করবার চেষ্টা করি, সত্যিকার অর্থে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। মির্জা ফখরুল বলেন, আপনারা সুস্থ থাকুন- একথা বার বার করে এজন্য বলছি যে, আমাদের অনেক নেতা, অনেক কর্মী কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে জেলা নেতারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছেন, কোভিডে আক্রান্ত হচ্ছেন। সেজন্য সবাই পারতপক্ষে সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকবেন- এই দোয়া চাই আল্লাহর কা্ছে, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, নিরাপদে রাখুক।