
নিউজ ডেস্কঃ করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মনির নামে একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে তার সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন। আদালত ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সাবরিনা-আরিফুল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। গত ৬ আগস্ট ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলির আদেশ দেন। একইসঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেন।