
নিউজ ডেস্কঃ ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ২০২৩ সালের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। কাউন্টার থেকে পোস্টম্যানের পার্সেল কিংবা চিঠি বিতরণের প্রতিটি স্তর অটোমেশনের আওতায় আনতে না পারলে পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা যাবে না। রোববার (০১ নভেম্বর) ঢাকা ডিজিটাল প্ল্যাটফর্মে বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশন আয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন যোগদানকৃত সচিব মো. আফজাল হোসেনকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেহসান ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। মন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন এবং ৫জি চালু করার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল মহাসড়ক নির্মাণের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সভ্যতার সেতুবন্ধন ডাকঘরকেও আমাদের ডিজিটাল করতে হবে।