
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অসংক্রামক রোগের অন্যতম কারণ তামাকের ব্যবহার। পরোক্ষ ধূমপানের কারণেও নারী-শিশুসহ অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। জনস্বাস্থ্য রক্ষায় পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান বন্ধ করতে হবে। এ বিষয়ে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন ব্যবহার কমাতে ভূমিকা রাখবে। এজন্য প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করতে হবে। রোববার (১ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘এনগেজিং পার্লামেন্টেরিয়ানস ইন কন্ট্রোলিং নন-কমিউনিকেবল ডিজিজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. এ টি নিজাম উদ্দীন আহম্মেদ। সেমিনারে বক্তরা বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি ক্রমবর্ধমান অসংক্রামক রোগসমূহ। এসব রোগের অন্যতম প্রধান কারণ তামাকের বহুল ব্যবহার। তাই এ ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে তামাকের ব্যবহার হ্রাস করা প্রয়োজন। সেসঙ্গে জাতীয় পর্যায়ে জনস্বাস্থ্যবান্ধব নীতি প্রণয়ন, যথাযথ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি।