
নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) আরও গতিশীল করতে সবধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি পানগাঁও আইসিটি’র কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একে সুন্দর ও আরও গতিশীল টার্মিনাল হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবাণ জানান।প্রতিমন্ত্রী রোববার (১ নভেম্বর) সচিবালয়ে পানগাঁও আইসিটির কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, পানগাঁও আইসিটির টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. খালিদ হোসাইন, পানগাঁও কাস্টমস কমিশনার ইসমাইল হোসেন সিরাজী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি।সভায় জানানো হয় যে, পানগাঁও আইসিটির মাধ্যমে তুলা আমদানি সহজ এবং কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে পানগাঁও আইসিটির জন্য একটি স্ক্যানার সরবরাহ করবে।