
নিউজ ডেস্কঃ সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হলেও, ৫৫ টাকার কমে বিক্রি করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (০১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০-এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, তিনদিন আগে থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। চাহিদার তুলনায় ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি হয়। এবার ভারতের সংকটের কারণে বাংলাদেশও ঘাটতির মধ্যে পড়েছে। এ বছর ৯টি ক্যাটাগরিতে ১৫ জন ইআরএফ সদস্য সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হন। অ্যাওয়ার্ড প্রদানে সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। বিজয়ীদের ক্রেস্ট, সম্মাননাসহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী। কোভিড নাইন্টিন ও অর্থনীতি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক জুবায়ের ফয়সাল।