
নিউজ ডেস্কঃ প্রখ্যাত সাংবাদিক, মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রগতিশীল ও মুক্ত সংস্কৃতি চর্চায় আবুল হাসনাতের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।উল্লেখ্য ২০০৪ সাল থেকে প্রকাশিত সাহিত্যিক ও সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলমের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবুল হাসনাত। তিনি কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে তার প্রতিভার ছাপ রেখেছেন। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।সুদীর্ঘকাল দৈনিক-পত্রের সাহিত্য-সাময়িকী ও মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে তার কীর্তি শুধু এদেশেই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় না, পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সাহিত্যানুরাগী মহলেও তিনি শ্রদ্ধার্ঘ্য। দৈনিক সংবাদে সাহিত্য সাময়িকী দীর্ঘদিন তার তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলের তা গভীরভাবে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।