
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া শহরের বনফুড রেস্তোরাঁর খাবার খেয়ে প্রায় ২৫ জন অসুস্থ হয়েছেন। পেট ব্যাথায় আক্রান্ত হয়ে ৮জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। অসুস্থরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, সালামের ভাই রফিক, শহরের ছেউড়িয়া এলাকার মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে সামু, মেয়ে মাইমুনা, স্ত্রী সালমা খাতুন, খোকসা এলাকার রইচ ও তার পরিবারের ১০জন ছাড়াও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন । কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় বনফুড নামক রেস্তোরাঁয় পিজা ও বার্গার খাওয়ার পরপরই পেটে ব্যাথা ও বমির সঙ্গে পাতলা পায়খানায় শুরু হয়। পরে স্বজনরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।