News71.com
 Bangladesh
 01 Nov 20, 11:36 AM
 175           
 0
 01 Nov 20, 11:36 AM

অসময়ের বৃষ্টিতে ফের ভাঙছে মুহুরী নদীর বাঁধ।। লোকালয় প্লাবিত

অসময়ের বৃষ্টিতে ফের ভাঙছে মুহুরী নদীর বাঁধ।। লোকালয় প্লাবিত

নিউজ ডেস্কঃ অসময়ের বৃষ্টির প্রভাবে ভারত থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢলে ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফাটল দেখা দেওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আরও বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঁধের ভাঙা স্থানগুলো দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে ফুলগাজী সদর ইউনিয়নের গ্রামগুলোতে। গত তিন মাসের আগের প্লাবনের ক্ষত শুকোতে না শুকোতেই আকস্মিক এ বন্যায় দিশেহারা হয়ে পড়ছেন এলাকার মানুষ। বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর ভেসে যাচ্ছে। বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে ভারত থেকে নেমে আসা পানির প্রবল চাপে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর দৌলতপুর এলাকার মোহাম্মদ উল্যাহর বাড়ির পাশে ভাঙন দেখা দেয়। চেয়ারম্যান জানান, ইউনিয়নের মুহুরী নদী সংলগ্ন ঘনিয়ামোড়া ও দৌলতপুর গ্রামের আরও তিন স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে। তিনি জানান, ফুলগাজী বাজারের পশ্চিম অংশে শ্রীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে ফুলগাজী উপজেলা সদরের মূল সড়কও তলিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন