
নিউজ ডেস্কঃ দালালদের মাধ্যমে অবৈধপথে বিদেশ যাওয়া ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠি যাতে দালালদের মাধ্যমে অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে না পারেন, তা প্রতিহত করা প্রয়োজন। শনিবার (৩১ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে সিলেট জেলা পুলিশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। যে কারণে অবৈধ পথ পরিহারে দালালদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। মন্ত্রী আরো বলেন- আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশ অনেক কার্যকরী ভূমিকা রাখেন। তাদের নীচু করে দেখার সুযোগ নেই। বর্তমানে কমিউনিটি পুলিশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তা আরো দৃঢ় করতে করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।