
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বিলুপ্ত প্রায় ঘড়িয়াল ধরা পড়েছে। ধরা পড়া ঘড়িয়ালটি লম্বায় প্রায় চার ফুটের ওপর। তবে স্থানীয়রা এটাকে কুমির বলে ধারণা করছে। শুক্রবার (৩০ অক্টোবর) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার যমুনা নদীতে এ ঘড়িয়াল ধরা পড়ে। জানা গেছে, ঘড়িয়াল হলো বিরল প্রজাতির মিঠাজলের কুমির বর্গের সরীসৃপ। এরা লম্বা তুণ্ড যুক্ত জলচর। এক সময় ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার আর ভুটানে দেখা যেত এদের। কিন্তু কালের বিবর্তনে এই প্রাণীটি বিলুপ্ত প্রায়।
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, চার ফিটের মতো লম্বা ঘড়িয়ালটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে। এর আগে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ওই ঘড়িয়ালটি ধরা পড়ে। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রাণীটিকে যমুনা নদীতে অবমুক্ত করতে বলা হয়েছে।