
নিউজ ডেস্কঃ স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় অবশেষে রংপুর নগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে নেয়া হয়। হারাগাছ থানায় মামলা দায়েরের তিন দিন পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রধান অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুলকে গ্রেফতার করতে রংপুর মহানগর পুলিশ লাইনে যায় পিবিআই-এর একদল সদস্য। ৯টার কিছু পরে তাকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে নেয়া হয়। এসময় গণমাধ্যমকর্মী ছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিলো।নানা নাটকীয়তার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করায় সন্তোষ জানান সাধারণ মানুষ। তারা বলেন, পুলিশ হয়ে পুলিশকে ধরেছে। ফলে আমাদের আস্থা আসছে পুলিশের ওপর। আমরা আশা করছি সে উপযুক্ত শাস্তি পাবে।