
নিউজ ডেস্কঃ করোনা সংকটের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের প্রণোদনা প্যাকেজের সুবিধা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরো আন্তরিক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) অনুদানের কম্বল গ্রহণকালে একথা বলেন প্রধানমন্ত্রী। আসন্ন মৌসুমে শীতার্ত মানুষকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে অনুদান হিসেবে ২৫ লাখ ৯৫ হাজার কম্বল দিয়েছে ৩৫টি বাণিজ্যিক ব্যাংক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের এসব কম্বল গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের প্রণোদনা প্যাকেজে আমরা যেসব সুযোগ দিয়েছি তাতে অল্প সুদে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরও আর্থিক সহায়তা দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি। তবে এ ব্যাপারে আমি মনে করি আমাদের বেসরকারি ব্যাংকগুলোকে আরেকটু আন্তরিক হওয়া দরকার। তিনি বলেন, আপনারা যেহেতু প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ান, সেভাবেই আমি বলবো যে এক্ষেত্রেও মানুষের পাশে দাঁড়াতে হবে।