
নিউজ ডেস্কঃ র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে এরই মধ্যে মাদক মামলায় সাজা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ অন্যান্য মামলাও দায়ের করা হবে। তার নামে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার ঘটনায় একটি নিয়মিত মামলা এরই মধ্যে হয়েছে। আমরা ওই মামলার আসামি ধরতে গিয়ে তার বাসায় অস্ত্র, নিষিদ্ধ নেটওয়ার্কিং সিস্টেম, মাদকসহ বিভিন্ন মালপত্র পাওয়া যায়। তাই তার বিরুদ্ধে অস্ত্রসহ অন্যান্য মামলাও দায়ের করা হবে, উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে র্যাব ডিজি এসব কথা বলেন। সম্প্রতি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংতার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে। তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।