
নিউজ ডেস্কঃ নগরের চকবাজারের আলমদিনা স্টোরকে ৪৫ টাকায় আলু বিক্রি করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ছাড়া বেশি দামে আলু বিক্রির দায়ে ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা, তালুকদার স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এপিবিএন-৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, খুলশী থানার কর্ণফুলী বাজার, চকবাজার থানার চকবাজার, কোতোয়ালী থানার দেওয়ান বাজার, মোমিন রোড ও রিয়াজউদ্দীন বাজারে আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা এবং পণ্য কেনার রশিদ পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে, পণ্য ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে এবং সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে অনুরোধ করা হয়।