
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন চার লাখ ২৫১ জনে।
দেশে করোনা শনাক্ত হওয়ার ২৩৫তম দিনে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়ালো। এর আগে করোনা শনাক্ত হওয়ার ১৯৮তম দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়ায়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা যায়, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০০ জনে। এরপর গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায়। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮দিন। এরপর ১২ দিনে চার হাজার করোনা আক্রান্ত হয়ে ৫০তম দিনে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজারে। গত ৩ মে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে যায় ১০ হাজারের ঘর। গত ১৫ মে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০ হাজারে। এর মাত্র তিনদিন পরেই আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৫ হাজার। গত ১ জুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। গত ১১ জুন এ সংখ্যা দাঁড়ায় ৭৫ হাজারে। এর মাত্র সাতদিন পরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজার বেড়ে এক লাখে দাঁড়ায়।