
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নীতির রাজাকে ধারণ ও চর্চা করাই হচ্ছে রাজনীতি। এ জন্য রাজনীতিকে আরও পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার। তিনি বলেন, রাজনীতি যদি পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হওয়ার অবকাশ থাকবে না। রাজার নীতিকে রাজনীতি বলা থেকে দূরে সরে শ্রেষ্ঠ নীতি, নৈতিকতা, সততা ও মূল্যবোধকে ধারণের মাধ্যমে শেরেবাংলাদের আদর্শকে বাস্তবায়ন করতে হবে।সোমবার (২৬ অক্টোবর) সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলার মাজার প্রাঙ্গণে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, একটি সমাজে যখন সৎ ও ভালো মানুষের কদর কমে যায় তখন সমাজব্যবস্থা, সভ্যতা নষ্ট হয়ে যায়। সবার জন্য সমন্বিত চিন্তা করার জায়গা শেরেবাংলা এ কে ফজলুল হক ধারণ, লালন, চর্চা এবং বিশ্বাস করতেন। তিনি যেটা বিশ্বাস করতেন সেটা কার্যকর করতেন। তার ঐতিহাসিক সিদ্ধান্তে ঋণ সালিসি বোর্ড কৃষককুলকে মুক্ত করে দিয়েছিল।