
নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মাদ জোবায়েদ হোসেন। অপরদিকে কিরীটি চাকমা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) আগরতলার নতুন সহকারী হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন মোহাম্মাদ জোবায়েদ হোসেন। এদিকে, আগামী ২৯ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করবেন বিদায়ী সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। জোবায়েদ হোসেন বলেন, ‘এর আগে আমি টোকিওতে ছিলাম প্রথম সচিব হিসেবে। এরপর আবুধাবিতে প্রথমে সচিব এবং পরবর্তীতে কাউন্সেলর হিসেবে কাজ করেছি। আবুধাবি থেকে সরাসরি আগরতলায় যোগ দিয়েছি। ভারত-বাংলাদেশের সুন্দর সম্পর্ক তৈরিতে সর্বাত্মকভাবে চেষ্টা করবো। দু’দেশের আরো ভালো সম্পর্ক গড়তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব।’ তিনি আরও বলেন, ‘এখানে যোগদানের দিনেই বিদায়ী সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা ও আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সাক্ষাতকালে উভয়দেশের জনগণের কল্যাণে বহুমাত্রিক যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়েছে।