
নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ (এমপি) বলেছেন, কোনো সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়নি, সরকার কঠোর অবস্থানে আছে। এই সরকার জনগণের সরকার, জনগণের জন্য যখন যা করার তাই করছে। রোটারি ক্লাবের আয়োজনে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ কখনই দলীয় পদ কেনা-বেচার রাজনীতি করে না। এই অভ্যাস আওয়ামী লীগের নেই, এটা বিএনপির কাজ। এই অভ্যাস তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। তিনি যখন দল গঠন করেছিলেন, তখন বিভিন্ন দল ভেঙে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে কেনা-বেচা করেছিলেন। হানিফ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন- বিএনপির এখন এতই দৈন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছেন না।