
নিউজ ডেস্কঃ মহাষ্টমীর যজ্ঞ, একশ আট প্রদীপ আর পদ্মে আবাহন করা হলো দুর্গতিনাশিনীকে। কুমারী পূজার না হবার আক্ষেপ থাকলেও দেবীচরণে অঞ্জলি দিতে পেরে খুশি ভক্তরা। আগতরা স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নেয়ায় সন্তোষ জানিয়েছে পূজা কমিটি । ঢাকের তাল বলছে, মহাষ্টমী আজ। শাঁখের বোল, খোল, করতাল আর উলুধ্বনিতে দেবীর আবাহন। সন্ধিলগ্নে ১০৮ মঙ্গল প্রদীপ ও পদ্মে বরণ করা হয় পার্বতীকে। যজ্ঞের আগুনে আহুতি দেয়া হয় ঘি মধুসহ ১০৮ টি করে ফুল বেলপাতা। শঙ্খ পদ্ম আর বস্ত্রে আরতি করা হয় দশভূজা দুর্গাকে।
সন্ধিপূজা শেষে দেবীচরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। সকাল থেকেই ষোড়শ উপচারে নৈবেদ্যে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর বিহিত পূজা। পূজাকালীন ঢাকেশ্বরী মণ্ডপ পরিদর্শন করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নেয়ার আহবান জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস ।