
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মাঠেরপাড় গ্রাম থেকে পাঁচ কেজি গাঁজাসহ ফরিদুল ইসলাম দুলু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে গাঁজা উদ্ধারসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, চলমান মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদুলের বাড়ি থেকে গাঁজাগুলো উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গাঁজাগুলো ভারত থেকে আনা হয়েছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। ফরিদুল ইসলাম দুলু অনন্তপুর মাঠেরপাড় গ্রামের মৃত আজগার আলীর ছেলে।