
নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে চার দিন আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বাংলানিউজকে জানান, আগামি ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও ২৪ অক্টোবর থেকে দুর্গাপূজা উপলক্ষে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ভারতের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে জানিয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ২৭ অক্টোবর থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি সচল হবে। এছাড়া আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ব্যবসায়ীরা চাইলে বন্দর থেকে পণ্য খালাস নিতে পারবেন।