
নিউজ ডেস্কঃ জয়পুরহাটে এক গৃহবধূকে পিটিয়ে তার মাথার চুল কেটে দেয়ার মামলায় আরিফুল ইসলাম (১৮) ও সোহেল রানা (১৯) নামে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর পুলিশ তাদের গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম বীরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮)। তারা নির্যাতিত গৃহবধূর ননদ ও ভাসুরের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে প্রতিবেশীদের জমাজমি নিয়ে বিরোধ চলছিল। গৃহবধূর ভাসুর ও তার ছেলেরা প্রতিবেশীদের পক্ষ নেন। গত ১৭ আক্টাবর রাত সাড়ে ৮টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারপিট করতে শুরু করে। একপর্যায় গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আসামিরা তার মাথার চুল কেটে দেয়।গৃহবধূর স্বামী বাড়ি আসার পর তারা তাকেও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। ওইদিন রাতে গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার গৃহবধু থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করেছে।