
নিউজ ডেস্কঃ আরো একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করলো দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি) ও স্টিম জেনারেটর পৌঁছেছে দেশে। গুরুত্বপূর্ণ এসব যন্ত্রাংশবাহী জাহাজটি মঙ্গলবার (২০ অক্টোবর) নোঙ্গর করেছে মোংলা বন্দরে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাশিয়া থেকে পাঠানো ঐ জাহাজটি বিকেল ৪টায় মংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।সূত্র বলছে, পরমাণু প্রকল্পের যন্ত্রগুলো নিয়ে জাহাজটি রাশিয়া থেকে বাংলাদেশে আসতে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে। বিশেষ এসব ইক্যুপমেন্ট রাশান ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, আগামী ৫ নভেম্বর মোংলা বন্দর থেকে রূপপুরের উদ্দেশে এটি যাত্রা শুরু করবে। এবং প্রকল্পের নদী বন্দরে নোঙ্গর ফেলতে পারে ২১ নভেম্বর।বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সময় সংবাদকে বলেন, জাতির পিতার স্বপ্নের বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় এ প্রকল্পের অগ্রগতিতে রিয়্যাক্টর প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটরের চালান দেশে পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প আরো একটি মাইল ফলক অর্জন করলো। এর মাধ্যমে বাঙালি জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাস্তবে রূপ নেয়ার পথে এগিয়ে গেল। তাঁর মতে, এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে, দেশ পৌঁছাবে অনন্য এক উচ্চতায়।