
নিউজ ডেস্কঃ আগামী মাসের (নভেম্বর) মধ্যে সব মিলের শ্রমিকদের পাওনা সম্পূর্ণরূপে পরিশোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, এ পর্যন্ত ৮টি মিলের শ্রমিকদের পাওনা বাবদ মোট ১৭শ ৯০ কোটি ৫২ লাখ টাকা অর্থ বিভাগ থেকে পাওয়া গেছে। যা শ্রমিকদের ব্যাংক হিসাবে স্থানান্তর ও সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। এছাড়া আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামের হাফিজ জুট মিল ও খুলার ইস্টার্ন জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হবে।বুধবার (২১ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজেএমসির বন্ধ ঘোষিত মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বেসরকারিখাতে নতুন করে মিলগুলো চালু করা হবে। সেই উদ্যোগটা আমরা কবে থেকে দেখতে পাবো তা জানতে চাইলে গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা প্রথমে শ্রমিকদের পাওনা পরিশোধ করবো। এরপর ব্যাংক লোনসহ বিভিন্ন পাওনা পরিশোধ করবো। এর মধ্যে আমাদের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা চলবে। আমরা বসে নেই। পিপিপি প্রক্রিয়ায় একটু সময় লাগবে। প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব বন্ধ মিলগুলো আধুনিকায়ন করে পুনরায় চালু করতে।