
নিউজ ডেস্কঃ পুরাতন জেলখানা ঘিরে থাকা ইতিহাস-ঐতিহ্যও সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।বুধবার (২১ অক্টোবর) সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।এদিন পুরাতন কেন্দ্রীয় কারাগার ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠ এবং কেন্দ্রীয় কারাগার ঘিরে গৃহীত প্রকল্প ও প্রকল্প অনুষঙ্গগুলো পরিদর্শন করেন মেয়র তাপস।তিনি বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগার এবং আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহীত পুরো প্রকল্পের আদ্যোপান্ত আমি দেখেছি। কারা কর্তৃপক্ষ চাইলে এই মাঠের উন্নয়ন করতে পারে। না হলে আমরা সিটি কর্পোরেশন থেকেও মাঠের উন্নয়ন করে এলাকার জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের উওরে ডিএসসিসি মেয়র বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যেন আমাদের নতুন প্রজন্ম জানতে পারে, উপলব্ধি করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের জাতীয় চার নেতা কতটা ত্যাগের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছেন।