
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কৃষিগবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিশ্বব্যাপী জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিতে হবে। একই সাথে টেকসই কৃষি উন্নয়নের জন্য জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির বিকাশে এবং জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত টেকনিক্যাল সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মন্ত্রী। কৃষিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে বিগত এক দশকে কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ। কৃষি উন্নয়নের এই সাফল্য সারা পৃথিবীতে বহুলভাবে প্রশংসিত ও নন্দিত হচ্ছে। শুধু তাই নয়, করোনা, আম্পান ও দীর্ঘমেয়াদী বন্যা মোকাবিলা করে বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। দুর্যোগের মাঝেও এ অর্থবছরে খাদ্যশস্যের (চাল, গম ও ভুট্টা) উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রায় ৪ কোটি ৫৩ লাখ মেট্রিকটনে উন্নীত হয়েছে।