
নিউজ ডেস্কঃ ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে ভবনের ছাদ ধসে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল, তেমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ঢাবি উপাচার্য বলেন, সেদিন অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে রক্ত, অর্থ ও শ্রম দিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের সাহায্যে সবাই এগিয়ে এসেছিল। মানবিক বিপর্যয় প্রতিরোধে এ ঐক্যবদ্ধ প্রচেষ্টা হলো আমাদের ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘১৫ অক্টোবর’ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সবাইকে নিজ নিজ দায়িত্বের জায়গাটি জাগ্রত রাখতে হবে। এই ধরণের দুঃখজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে সচেতন থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।