
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই সন্তানের জননী বিধবা (৪০) এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এক রাতে পর্যায়ক্রমে ৬ জনে ওই বিধবা নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ । এ ঘটনায় আলী আকবর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নৈকাহন আখরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।
গণধর্ষণের শিকার নারী বাদী হয়ে আলী আকবরকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কায়েমপুর এলাকার দুই সন্তানের জননী ওই নারী গত ৭ অক্টোবর সন্ধ্যায় দোকানে ওষুধ আনতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হন। জানা যায়, গণধর্ষণের শিকার হওয়ার পরও ওই নারী লোকলজ্জায় ও ছেলে মেয়ের কথা চিন্তা করে ঘটনা গোপন করে রাখেন। কিন্তু পরবর্তীতে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে আড়াইহাজার থানায় তিনি অভিযোগ দায়ের করেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।