
নিউজ ডেস্কঃ ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের তালিকা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বিক্রম দোরাইস্বামী।এসময় তাদের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার ও জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে জানান মন্ত্রী।মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ভারতের মিত্রবাহিনীর সদস্যদের তালিকা, মুজিব বাহিনীর সদস্যদের তালিকা, শরণার্থী শিবির, ট্রেনিং ক্যাম্প ও যুদ্ধকালীন সেবাদানকারী ভারতীয় হাসপাতালের তালিকা আংশিক থাকলেও পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশের কাছে নেই। মহান মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের স্বার্থে এসব তালিকা বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে মন্ত্রী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।