
নিউজ ডেস্কঃ ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে তা রোধে কতটুকু সক্ষমতা রয়েছে বা সরকারের কার্যকরী কী পদক্ষেপ রয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এনটিএমসি (জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র) একটি বিভাগ রয়েছে, তারা সবসময় মনিটর করছে। কে করছে, কোথা থেকে আসছে- আমরা সেই জায়গাটিতে কাজ করছি। ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় কাজ করছে। ফেসবুকসহ অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তাদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি। আমরা যে অভিযোগ করছি তারা সেগুলোর তথ্য আমাদের দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গতকাল যে প্রেস রিলিজটি দিয়েছি সেখানে বলা হয়েছে, সামাজিক অস্থিরতা বাড়ানোর জন্য অনেক সময় অনেক তথ্য এসেছে, যার সত্যতায় ঘাটতি রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতে বিভিন্ন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। পাশাপাশি আদালতের রায় নিয়েও সমালোচনা হচ্ছে। বিভিন্ন কায়দায় একটা অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই সমস্ত মিথ্যা অসত্য প্রচার করা হচ্ছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য ও আমাদের নিয়মিত বাহিনীগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য অসত্য তথ্য দিয়ে অন্য ধরনের পরিবেশ সৃষ্টি করতে এই কাজ করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে।