News71.com
 Bangladesh
 14 Oct 20, 11:29 PM
 308           
 0
 14 Oct 20, 11:29 PM

প্রচলিত শিক্ষায় বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের যোগসূত্র নেই॥ শিক্ষামন্ত্রী

প্রচলিত শিক্ষায় বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের যোগসূত্র নেই॥ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের যোগসূত্র নেই। ফলে বড় বড় ডিগ্রি অর্জন করলেও বাস্তবে তা কাজে আসছে না। এ কারণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবভিত্তিক করা হচ্ছে। আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের একাংশের সংগঠন (ইরাব একাংশ) আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বক্তব্যে বলেন, এক সময় সবাইকে শিক্ষার আওতায় আনার চ্যালেঞ্জ ছিল। সেটি সফল হওয়ায় এখন মানসম্মত শিক্ষার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদের অভিজ্ঞ করে তোলা হবে। এ জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে।

দীপু মনি আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় অতিমাত্রায় পরীক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এটি শুধু পরীক্ষার্থী নয়, অভিভাবকদেরও বাড়তি চাপের মধ্যে ফেলছে। সকলে জিপিএ-৫ এর মোহে দৌড়াতে গিয়ে শারীরিক, মানসিক ও সামাজিক চাপ বাড়ছে। এখান থেকে বেরিয়ে আসতে পরীক্ষা ও সনদ নির্ভরতা কমিয়ে পাঠদানকে আনন্দদায়ক করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন