
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) যে কল রেকর্ডটি শোনা যাচ্ছে তা শতভাগ সত্য বলে জানিয়েছেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। এদিকে সংসদ সদস্য নিক্সন চৌধুরী তা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। আমার কথাগুলো সুপার এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। প্রকাশিত কল রেকর্ডের ভয়েস আমার না। এ সময় তিনি প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, পারলে প্রশাসন এটি প্রমাণ করুক যে প্রকাশিত কল রেকর্ডটি সুপার এডিট করা না। এ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা নিক্সন মহোদয়ের যে কল রেকর্ডটি শুনছেন তা শতভাগ সত্য। এমনকি প্রকাশিত কল রেকর্ডের দাঁড়ি-কমা পর্যন্ত সঠিক। এখানে এডিট করার কোনো প্রশ্নই নেই। আপনারা যা শুনেছেন তিনি ওভাবেই আমার সঙ্গে কথা বলেছেন।