
নিউজ ডেস্কঃ ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞার প্রথম দিনেই কক্সবাজারে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি।বুধবার বেলা ১১টা থেকে শহরের বাঁকখালী নদী, বঙ্গোপসাগরের মহেশখালীর মোহনা ও নাজিরারটেক পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোনো অনিয়ম দেখা না গেলেও পরে মৎস্য অবতরণ কেন্দ্রে চালানো হয় অভিযান।জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানে কোস্টগার্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা ও নৌ-পুলিশ অংশ নেন। এসময় বিভিন্ন মাছ ধরার ট্রলারে তল্লাশি চালানো হয় এবং জেলেদের লিফলেট বিতরণসহ নানা পরামর্শ দেয়া হয়।জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, কুতুবদিয়ার গন্ডামারা পয়েন্ট থেকে সেন্টমার্টিন পর্যন্ত প্রতিটি স্থানে মৎস্য অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ অভিযান পরিচালিত হচ্ছে। সাগর, নদী, অবতরণ কেন্দ্র ও বাজারে এই অভিযান চলছে। আর জেলেরাও সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বিশেষ করে, দেখা যাচ্ছে উপকূলে প্রায় শতভাগ মাছ ধরার ছোট-বড় ট্রলার ফিরে এসেছে। সুতরাং, মা ইলিশ সংরক্ষণে এবার শতভাগ সফল হবে বলে আশা করছি।