
নিউজ ডেস্কঃ শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। আপাতত ২০ হাজার টন পেঁয়াজ বিদেশে রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি। তবে যে পদ্ধতিতে পেঁয়াজ পাঠাতে রাজি হয়েছে তাতে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা খুব বেশি লাভবান হবেন না। আর এই রপ্তানির পুরো প্রক্রিয়াটি করতে হবে চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে।গত ১৪ সেপ্টেম্বর আচমকাই বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এতে বিপাকে পড়েন ভারত থেকে এলসি করা বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকরা। বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। সীমান্তের ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজভর্তি ট্রাক। বাংলাদেশের বাজারে হুহু করে বাড়তে থাকে দাম।ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানির সবুজ সংকেত দেয় মোদি সরকার। এরইমধ্যে ভারত সরকারের একটি ঘোষণায় বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।শর্তানুযায়ি আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত পাঁচটি শর্তে ২০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান শর্ত হলো, এই পেঁয়াজ সড়কপথে নয়, সমুদ্রপথে চেন্নাই বন্দর দিয়ে নিতে হবে। আর রফতানির প্রক্রিয়া শেষ করতে হবে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।