News71.com
 Bangladesh
 13 Oct 20, 09:16 PM
 255           
 0
 13 Oct 20, 09:16 PM

বগুড়ায় কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে যুবক খুন॥

বগুড়ায় কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে যুবক খুন॥

নিউজ ডেস্কঃ বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলায় দিনদুপুরে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আর কে রশিদুল ইসলাম (৩২) নামে এক তরুণ ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তার ভগ্নিপতি বছির (৩৫) আহত হয়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদুল শহরের রহমান নগর এলাকার মৃত জাহেদুল ইসলাম লালুর ছেলে। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় জব্বার ক্লাব মোড়ে ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদুলের ভাগনে শান্ত (১২) টাউন স্কুল মাঠে খেলাধুলা করছিল। এ সময় কয়েকজন কিশোর তাকে মারধর করে। ঘটনার সময় রশিদুল রিকশাযোগে টাউন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। তার ভাগনেকে মারধর করার দৃশ্য দেখে রিকশা থেকে নেমে মারধরকারী কিশোরদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তার ভগ্নিপতি বছির ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে তর্কবিতর্কের একপর্যায় দুই কিশোর রশিদুলের পিঠে এবং বছিরের হাতে ও উরুতে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় রশিদুল মারা যান। নিহত রশিদুলের ভায়রা ও বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক আরিফ বলেন, রশিদুলের ভাগনেকে মারধরের প্রতিবাদ করার একই এলাকার সামাইন ও সিয়াম নামের দুই কিশোর রশিদুল ও তার, ভগ্নিপতি বছিরকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অপারেশন থিয়েটারে মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন