
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াছকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসা নিয়ে খবর প্রকাশ করায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার জিওধারা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়দের দাবি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় পরিকল্পিতভাবে ইলিয়াছকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না আর আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো হাসপাতাল জুড়ে। তাদের সান্ত্বনা দিতে এবং ইলিয়াছের লাশ দেখতে ছুটে আসেন এলাকার শত শত নারী পুরুষ। তবে কোনোভাবেই এ হত্যাকাণ্ডকে মেনে নিতে নিতে পারছেন না নিহতের পরিবার ও স্বজনরা।