
নিউজ ডেস্কঃ সম্রাটের পর এবার অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের থাইল্যান্ডে সাতটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে দুদক। অনলাইনে ক্যাসিনো ব্যবসার মাধ্যমে ৩৩ কোটি টাকার অবৈধ লেনদেন ও পাচারের তথ্যও এখন দুদকের হাতে। ক্যাসিনো ব্যবসায় জড়িতদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে অর্থ পাচারের অভিযোগে । দুদকের তদন্তে একে একে বেরিয়ে আসছে বিদেশে অবৈধ ব্যবসা ও অর্থ পাচারের তথ্য।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সম্রাটের প্রায় ১৯৫ কোটি টাকা পাচারের খবর ফলাও হতে না হতেই এবার থাইল্যান্ডে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সাতটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে দুদক। সেলিম পাচার করেছেন ১৩ কোটি টাকা, অবৈধ লেনদেনও ২০ কোটি টাকার বেশি। গত বছরের ৩০ অক্টোবর অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে সেলিম প্রধানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নিয়ে গুলশানের অফিস ও বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। এ ঘটনায় অর্থপাচার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব।