
নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেট রেলগেট সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সকালে জয়নাল মার্কেট রেলগেট সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী। এসময় আশপাশের লোকজন ট্রেন আসছে ট্রেন আসছে বলে চিৎকার করলেও তিনি শুনতে পাননি। পরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, তার পরনে ছাপা সালোয়ার-কামিজের ওপর একটি কালো রংয়ের বোরখা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।